জরুরী বার্তা | www.joruribarta.com
মহসিন আলি | বেনাপোল প্রতিনীধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডার ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা কেমিক্যালের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে চালানটি বের করে নিয়ে যাওয়ার সময় পণ্যসহ ট্রাকটি আটক করা হয়।
আটক ট্রাকের নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এতে ২৫ টন কেমিক্যাল পণ্য ছিল। পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স কোহিনূর এক্সপোর্ট, ভারত। যার বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪। এলসি নম্বর - ০৫১০২৬০১০৪০৩। গত ৮ নভেম্বর চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
কাস্টমস সূত্র জানায়, কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর যথাযথ অ্যাসেসমেন্ট ছাড়াই বুধবার রাতে ট্রাকটি ৯ নম্বর শেড থেকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা ওই শেডে অভিযান চালিয়ে আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের মিল না পাওয়ায় চালানটি আটক করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, শুল্ক ফাঁকির উদ্দেশে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে মূল্যবান কোন কেমিক্যাল পাচারের চেষ্টা হচ্ছিল। তবে পণ্যটি প্রকৃতপক্ষে কী, তা পরীক্ষণের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। যে কারণে চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষণের প্রতিবেদন হাতে পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় এবং রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, বন্দরের ৯ নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড হওয়ার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বের করে নেওয়া হচ্ছে। এমন সংবাদে কাস্টমস কর্মকর্তারা ওই শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করেন। পরে দেখা যায়, ৮ নভেম্বর আসা একটি চালানের বিপরীতে গেট পাস দেখিয়ে অন্য একটি পণ্য চালান বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়। পরীক্ষণের পর পণ্যের সঠিক পরিচয় নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team