জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:১৯ এএম
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৭:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক, দক্ষিণের খবরঃ
মাদারীপুর জেলার শিবচরে সকালে নিজ বাড়িতে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের সাত সদস্য অচেতন হয়ে পড়ে। সাত সদস্যসহ মোট ১১জন অসুস্থ্য হলে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রোববার(১৬ আগস্ট) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার(১৫ আগস্ট) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই সকালের খাবার রান্না করে নয়ন শেখের পরিবার। রান্না শেষে পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেতে বসে। খাওয়া অবস্থাতেই সকলে জ্ঞান হারায়। কাজের সুবাদে ঢাকায় অবস্থান করা নয়ন শেখ বাড়িতে একাধিকবার ফোন করলে ঘরের কেউই ফোন রিসিভ করে নি। পরে আশে পাশের বাড়িতে ফোনে খোঁজ নিতে বলেন নয়ন শেখ। প্রতিবেশী বিকেল ৪ টার দিকে এসে দেখে ঘরের মধ্যে সবাই অচেতন হয়ে আছে। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে খবর পেয়ে নয়ন শেখ ও তার আত্মীয়-স্বজনেরা বাড়িতে আসেন। রাতে ঘরে থাকা অবস্থায় আরও তিনজন অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাদেরকেও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ্য হওয়া ব্যক্তিরা হলেন, নয়ন শেখের মেয়ে মনিকা আক্তার(২৭) ও তার স্বামী শহিদুল শিকদার, সাগরিকা আক্তার(২৫), ইতি আক্তার (২০), সুমাইয়া আক্তার(২২) ও তার স্বামী আসাদ মোড়ল, নয়ন শেখের ছোট মেয়ে নুসরাত জাহান(১৪), নয়ন শেখ(৫৫) এবং আমেনা বেগম(৫০)।
অসুস্থ্য সাগরিকা আক্তার বলেন,'সকালে রান্না করে সবাইকে নিয়ে খেতে বসি। খাওয়ার এক পর্যায়ে সবাই ওই স্থানেই জ্ঞান হারিয়ে ফেলি। বাবা ঢাকা থেকে ফোনে আমাদের না পেয়ে পাশে আমাদের আত্মীয়র বাড়িতে ফোন দেয়। বিকেল ৪ টার দিকে এসে আমাদের উদ্ধার করে। আমাদের কারোরই নড়াচড়া করার শক্তি ছিল না। ঠিকমতো কথাও বলতে পারছিলাম না।
তিনি আরও বলেন,' খবর পেয়ে বাবা ঢাকা থেকে বাড়িতে আসে। ঘরের সব খাবার ফেলে দিয়ে রাতে আবার রান্না করে আমার ফুপু। কিন্তু রাতে একই ভাবে বাবা ও ফুপু অসুস্থ্য হয়ে পড়ে।'
অসুস্থ্য মনিকা আক্তার বলেন,'আমাদের খাবারের সাথে বা পানিতে কেউ কিছু মিশিয়ে দিয়ে থাকতে পারে। তা না হলে এমন হবার কথা নয়। রোববার পর্যন্ত সবাই সুস্থ্য না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে আমাদের।'
কর্তব্যরত চিকিৎসক ডা.ওয়াসিফ বলেন,'শুক্রবার বিকেলে রোগীরা হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার ফলে এমনটা হতে পারে। রোববার উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন জানান,'বিষয়টি জেনেছি। খোঁজ-খবর নেয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team