ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে প্রচার-প্রচারণা, দোয়া-মাহফিল, মতবিনিময় ও সামাজিক যোগাযোগের নানা উদ্যোগ। মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। ভোটারদের আস্থা অর্জনে তারা অংশ নিচ্ছেন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নানা কার্যক্রমে।
এই ধারাবাহিকতায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জনপ্রিয় ওলামা সমর্থিত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও নেজামে ইসলাম পার্টি মনোনীত আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী গতকাল (২০ জুলাই) হাটহাজারীর শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
তিনি বাংলাদেশের প্রাচীন ও বৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর নায়েবে মুহতামিম আল্লামা মুফতি জসিমউদ্দীনসহ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও জ্যেষ্ঠ ওলামায়ে কেরামের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচনায় ওলামায়ে কেরাম দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একজন দ্বীনদার, সৎ, সমাজসেবী ও জননন্দিত প্রার্থী হিসেবে শাহজাহান ইসলামাবাদীর ভূয়সী প্রশংসা করেন।
এসময় নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুফতি মুহাম্মদ আলী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা এনাম কুতুবী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, ও মাওলানা এম. নিজাম উদ্দিনসহ অন্যান্য ওলামা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আল্লামা শাহজাহান ইসলামাবাদী ইতোমধ্যেই ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, দোয়া মাহফিল ও ওলামা-জনতার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী মাঠে সাড়া ফেলেছেন। তার প্রার্থিতাকে ঘিরে এলাকায় এক ধরনের প্রত্যাশা ও আস্থা তৈরি হয়েছে।