স্বাধীনতার ৫৪ বছরেও দেশের অন্যতম বৃহৎ উপজেলা ফটিকছড়ির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি দাবি করে আগামী দিনে এটিকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নপ্রাপ্ত, দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
৭ জুলাই দিবাগত রাতে ভূজপুরস্থ নিজস্ব বাসভবনে ‘হুসাইন মুহাম্মদ শাহজাহান সমর্থক ফোরাম’-এর আয়োজনে “উন্নয়ন বঞ্চিত চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এতে ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ ও আবু এখলাছ ঝিনুকের নেতৃত্বে সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আল্লামা হুসাইন মুহাম্মদ শাহজাহান বলেন, “স্বাধীনতার পর থেকে আয়তন ও জনসংখ্যার তুলনায় সরকারি বরাদ্দ কম, অপরিকল্পিত কাজ, অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে ফটিকছড়ি পিছিয়ে পড়েছে। অথচ চা-বাগান, রাবার বাগান, হালদা নদী, রেমিট্যান্স, কৃষি, গ্যাসসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদের উন্নয়নে অপার সম্ভাবনা রয়েছে।”
তিনি জানান, আগামী নির্বাচনে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়া ও মানবসম্পদ উন্নয়নে আলাদা পরিকল্পনা গ্রহণ করবেন। প্রতিটি ইউনিয়নে কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক হাসপাতাল নির্মাণ করবেন বলে অঙ্গীকার করেন।
তরুণদের মাদক ও অপরাধমুক্ত রাখতে তিন অঞ্চলে পৃথক স্টেডিয়াম, হেয়াকো পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, সরকারি কলেজ ও ফায়ার সার্ভিস স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
সভায় উদ্বোধনী বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা এরশাদ বিন জালাল, ভূজপুর থানার সাধারণ সম্পাদক মাওলানা এম. নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, নেজামে ইসলাম পার্টির ভূজপুর থানা সভাপতি মাওলানা আবু তালেব ভূজপুরী, ছাত্রনেতা তারেকুল ইসলাম, হাফেজ সেলিম মাহমুদ, হাফেজ রহমত উল্লাহ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ওসমান প্রমুখ।
সভায় হুসাইন মুহাম্মদ শাহজাহান উপজেলা প্রেস ক্লাবের জন্য একটি কম্পিউটার উপহার এবং নতুন প্রেস ক্লাব ভবনের জন্য বিদ্যুৎ সরঞ্জাম প্রদানের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী শুধু রাজনীতিবিদ নন, বরং একাধারে দানবীর, সমাজ সংস্কারক ও শিক্ষা-স্বাস্থ্য উন্নয়নকর্মী। তিনি বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দুই দশকেরও বেশি সময় ধরে ফটিকছড়ি ও আশপাশের এলাকায় টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন বিতরণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, বিধবা ও এতিম লালন-পালন, শিক্ষা উপকরণ প্রদানসহ নানা সেবামূলক কাজ পরিচালনা করে আসছেন।