যশোরের ঝিকরগাছায় এক রাতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে উপজেলার মোবারকপুরে ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুল ও শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের জানালার গ্রিল কেটে অফিস ও অন্যান্য কক্ষে প্রবেশ করে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষক।
ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও স্টাফ রুমের আলমারির তালা ভেঙে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
অন্যদিকে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন বলেন, মঙ্গলবার আনুমানিক রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চোরের দল কলেজের ভেতরে প্রবেশ করে। এসময় প্রধান অফিস সহকারীর টেবিলের ড্রয়ার এবং পাঁচটি আলমারির তালা ভেঙে ৪,৩২৬ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া আরও প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।