জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ এএম
মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দোকান, গোডাউন, বসতঘর ও কাচারিঘরসহ বিভিন্ন স্থাপনা এবং বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে কাঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গেট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় বাজারের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে আলতাফ হাওলাদারের দোকান, শাহআলম খানের গোডাউন এবং মোশারফ কবিরাজের বড় ঘর ও কাচারিঘরসহ মোট পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহআলম খান বলেন,চেয়ারম্যান গেট বাজারে আমার একটি গোডাউন ছিল। গোডাউনের ঘরসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাজারের আরেক দোকানদার জালাল মিয়া বলেন,গভীর রাতে বাজার থেকে আমাকে ফোন করে জানানো হয় যে বাজারে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখি কয়েকটি ঘর পুড়ে গেছে। পরে এলাকার লোকজন সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের অন্যান্য দোকান ও স্থাপনা নিয়েও আতঙ্ক তৈরি হয়। তবে এলাকাবাসীর তাৎক্ষণিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, গভীর রাত হওয়ায় অগ্নিকান্ডের ঘটনাস্থল খুঁজে পেতে আমাদের কিছুটা সমস্যা হয়,পরবর্তীতে আমাদের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আনেন।তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারন এখনো জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা সরকারি ও বেসরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team