জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সন্দেহজনক ভেজাল মদপানের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও অসুস্থতার খবর পাওয়া গেছে। রাজ্যের চান্দেল জেলার চাকপিকারং মহকুমা ও আশপাশের এলাকায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৬০০ জন।
শনিবার (২১ নভেম্বর) রাজ্যের পুলিশ, আবগারি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে ওই এলাকায় কয়েকজনের অসুস্থতা ও মৃত্যুর খবর আসতে শুরু করে। প্রথম দিকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী কয়েক দিনে মৃতের সংখ্যা বাড়তে থাকে।
নিবিড় পরিচর্যায় ১২ রোগী
মণিপুরের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, অসুস্থদের মধ্যে অন্তত ১২ জনকে ইম্ফলের বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
শিজা হাসপাতাল, বাবিনা হাসপাতাল, জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসসহ একাধিক হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের পর্যবেক্ষণ করছেন। স্থানীয় প্রশাসন সন্দেহজনক উৎসের মদ পান করা ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে।
ছয়জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মদ জব্দ
ঘটনার তদন্তে নেমে ছয়জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। তাঁদের বিরুদ্ধে অবহেলায় মৃত্যু ঘটানো এবং ক্ষতিকর বা ভেজাল পানীয় সরবরাহের অভিযোগে মামলা হয়েছে।
রাজ্যের আবগারি কমিশনার হুংইয়ো ওরশাং জানিয়েছেন, ১৭ নভেম্বর থেকে পরিচালিত অভিযানে ২ হাজার ৪১৯ লিটার অবৈধভাবে তৈরি দেশীয় মদ জব্দ করা হয়েছে। এর মধ্যে ২১ নভেম্বর এক দিনেই জব্দ করা হয় ১ হাজার ৯৬৭ লিটার।
প্রাথমিক তদন্তে প্রতিবেশী কাকচিং জেলার কয়েকটি স্থান থেকে মদ সরবরাহের তথ্য পাওয়া গেছে। তবে সরবরাহব্যবস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।
মৃত্যুর কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত
মণিপুর সরকার চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে মদের উৎস, রাসায়নিক উপাদান, চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার ফলাফল এবং প্রশাসনিক তদারকিতে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে।
বিশেষজ্ঞ পরীক্ষার ফল না আসায় মদে মিথানল বা অন্য কোনো বিষাক্ত রাসায়নিক ছিল কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। তাই মদপানই মৃত্যুর চূড়ান্ত কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।
এদিকে রাজ্য সরকার মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং অসুস্থদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team